ইরানে দ্রব্যমূল্যের প্রতিবাদে সংঘাত, নিহত হলেন ৬ জন

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:২৮ এএম
ইরানে দ্রব্যমূল্যের প্রতিবাদে সংঘাত, নিহত হলেন ৬ জন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং নিম্নমানের জীবনযাত্রার প্রতিবাদে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গত ২৯ ডিসেম্বর রোববার শুরু হওয়া এই আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও ১৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেন। লোর্দেগান, আজনা ও কৌদাশত শহরে এই হতাহতের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ১৩ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। এর আগে দেশটির বাজারে অর্থনৈতিক মন্দার কারণে দোকানমালিকরা ধর্মঘটের ডাক দিলে সাধারণ মানুষ তাতে সমর্থন জানিয়ে রাস্তায় নামেন।

আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানি মুদ্রা রিয়ালের মান ক্রমাগত পতনশীল হওয়ায় সাধারণ মানুষের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। তেহরান থেকে শুরু হওয়া বন্ধ কর্মসূচি ও বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেয়। অর্থনৈতিক সংকটের মাঝে এই সংঘাতের ঘটনা দেশটির সামাজিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করার ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...