খরার পর বন্যায় আফগানিস্তানে নিহত ১৭, আহত ১১

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৮:৪২ এএম
খরার পর বন্যায় আফগানিস্তানে নিহত ১৭, আহত ১১

দীর্ঘদিনের খরার পর অতিরিক্ত বৃষ্টি ও তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১১ জন। আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই বন্যার প্রভাবে দেশটির মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

হেরাত প্রদেশের কাবকান জেলায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক মর্মান্তিক ঘটনা ঘটে। বন্যার পানিতে একটি বাড়ির ছাদ ধসে পড়লে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও দেশজুড়ে বন্যার কারণে প্রায় এক হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ব্যাপক অবকাঠামো ও গবাদিপশুর ক্ষতি সাধিত হয়েছে।

চরম আবহাওয়ার ঝুঁকিতে থাকা আফগানিস্তানে দীর্ঘদিনের সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলছে। গ্রামীণ এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুরবস্থা এই বন্যায় আরও তীব্র হয়েছে। গত আগস্টে সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পে ১৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর এই বন্যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ দল পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...