ইরান সংঘাতে তেলের দাম ১৫০ ডলারে উঠার সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৮:৪৪ এএম
ইরান সংঘাতে তেলের দাম ১৫০ ডলারে উঠার সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স জানিয়েছেন, যদি এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হয়, তবে দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হির্স বলেন, হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। যদি কোনো কারণে মার্কিন নৌবাহিনী সেখানে ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং সরবরাহের অর্ধেক অংশ বন্ধ হয়ে যায়, তাহলে সাময়িকভাবে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এর প্রভাব ইতিমধ্যে বিশ্ববাজারে লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিনেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া ইউরোপের বাজারে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। দেশটির নিউ ইংল্যান্ড অঞ্চলের রাজ্যগুলো বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। হির্স মনে করেন, তেলের এই মূল্যবৃদ্ধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এটি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...