ইরানে মার্কিন হামলা: ৭৮৭ জনের প্রাণহানি, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৩:৫৪ এএম
ইরানে মার্কিন হামলা: ৭৮৭ জনের প্রাণহানি, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে, যার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওয়াশিংটন এই অভিযানকে অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করলেও ইরান এর জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে একটি বিশাল সামরিক অভিযান বলে অভিহিত করেছেন।

ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানা গেছে, দেশটিতে এই হামলায় অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মিনাবে, যেখানে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আক্রমণের কারণে ১৬৫ জন শিশু ছাত্রীর প্রাণহানি ঘটেছে। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় কুয়েতস্থ এক মার্কিন ঘাঁটিতে ৬ সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি জানান, একটি প্রজেক্টাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি টেকটিক্যাল অপারেশন সেন্টারে আঘাত হানে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে কি না। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও প্রেসিডেন্ট কমান্ডার-ইন-চিফ হিসেবে তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় সামরিক বাহিনী পরিচালনা করতে পারেন। হ্যামলাইন ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড শুল্টজ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই বিভিন্ন সংঘাতে লিপ্ত হয়ে আসছে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোলিউশন অনুযায়ী প্রেসিডেন্টের এই ধরনের সামরিক পদক্ষেপ ৬০ দিনের মধ্যে সীমিত থাকার কথা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...