মার্কিন হামলায় ইরানে বিপর্যয়, পাল্টা আক্রমণে ৬ সেনা নিহত
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এই আগ্রাসন চালানো হয়, যার জের ধরে তেহরান থেকে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে আক্রমণের ঘটনায় ১৬৫ জন শিশু প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৬ জন মার্কিন সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইনত যুক্তরাষ্ট্র কি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে? মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হলেও তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা রয়েছে। হ্যামলাইন ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড শুল্টজ মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা আর কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেনি, তাই সাংবিধানিক জটিলতা সত্ত্বেও এটি একটি বড় সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

