হরমুজ প্রণালীতে ইরানের ‘গুলি করে হত্যা’ হুঁশিয়ারি, বাড়ছে তেলের দাম

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:৪৯ পিএম
হরমুজ প্রণালীতে ইরানের ‘গুলি করে হত্যা’ হুঁশিয়ারি, বাড়ছে তেলের দাম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার জাতীয় টেলিভিশনে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অঞ্চলে প্রবেশ করলে তারা কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে। এর ফলে মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত এই প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার প্রভাবে সোমবারই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৭৯ ডলার ছাড়িয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর দিনের তুলনায় দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল সরবরাহের জন্য সুপারট্যাংকার ভাড়ার খরচ গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়ে দৈনিক চার লাখ ডলারের ওপর দাঁড়িয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এই পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী এভাবে বন্ধ থাকলে তেলের দামের ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতির জন্য অবিশ্বাস্য সংকট তৈরি করবে। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে সারা বিশ্বেই জ্বালানি খাতে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...