শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজ ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র, দায় স্বীকার পেন্টাগনের
শ্রীলঙ্কা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার (৪ মার্চ) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তাদের একটি সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে এই জাহাজগুলো বিধ্বস্ত হয়েছে।
হেগসেথ জানান, ভারতে নৌ-মহড়া শেষ করে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ বোধ করছিল ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। কিন্তু মার্কিন সাবমেরিনের আকস্মিক টর্পেডো হামলায় জাহাজটি তলিয়ে যায়। এছাড়াও ইরানের সাবেক জেনারেল কাসেম সোলেইমানির নামে নামকরণ করা আরেকটি জাহাজ ‘আইআরআইএস সোলেইমানি’ও ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন ড্রোন হামলায় নিহত সোলেইমানির প্রসঙ্গ টেনে হেগসেথ বলেন, মনে হচ্ছে প্রেসিডেন্ট তাকে দ্বিতীয়বারের মতো আঘাত করলেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই প্রথমবারের মতো কোনো শত্রুপক্ষের জাহাজ টর্পেডো ব্যবহার করে ডুপিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার মধ্য দিয়ে সমুদ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

