ইরান অভিযানের একদিনেই যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৮০ মিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই অভিযানের একদিনের খরচ ওয়াশিংটনের ২০২৬ সালের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১ শতাংশের সমতুল্য। আকাশপথ থেকে স্টিলথ বোম্বার ও যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে এই ব্যয় আকাশচুম্বী হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সূত্রে জানা গেছে, মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে চারটি বি-২ স্টিলথ বোম্বার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র এই বোম্বারগুলোর উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ এবং দুই হাজার পাউন্ডের জিডিএএম বোমা ব্যবহারের খরচ প্রায় ৩০.২ মিলিয়ন ডলার। এছাড়া এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬ এর মতো আধুনিক যুদ্ধবিমানের কয়েক দফা হামলা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে আরও ২৭১.৩৪ মিলিয়ন ডলার।
নৌবাহিনীর পক্ষ থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী দুটি মোতায়েন করা হয়, যার দৈনিক খরচ প্রায় ১৫ মিলিয়ন ডলার। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে প্রায় ২০০টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৪০.৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে আকাশ, স্থল ও নৌপথে ব্যবহৃত সম্পদের খরচ দাঁড়িয়েছে ৭৭৯.১৭৪ মিলিয়ন ডলার।

