ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না ট্রাম্প প্রশাসন: ভ্যান্স

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১১:০১ এএম
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না ট্রাম্প প্রশাসন: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ভ্যান্স বলেন, ইরাক বা আফগানিস্তানের মতো বছরের পর বছর ধরে টানা যুদ্ধ করার কোনো ইচ্ছে ট্রাম্প প্রশাসনের নেই। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র তার মেয়াদের প্রথম তিন বা চার বছর ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চান না, বরং তেহরানের শাসন ব্যবস্থায় এমন পরিবর্তন আনতে চান যাতে তারা ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এছাড়া তিনি অভিযোগ করেন, বেসামরিক উদ্দেশ্যের কথা বললেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আসলে অস্ত্র তৈরির জন্যই ব্যবহৃত হচ্ছে।

এর আগে শনিবার যৌথভাবে ইরানে হামলা চালায় ওয়াশিংটন ও তেল আবিব। এতে খামেনি নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে। জবাবে তেহরান সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে হামলা চালাতে শুরু করেছে। তবে ভ্যান্স আশ্বস্ত করে বলেছেন, এই সংঘাতে দেশটি কখনোই দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালের জন্য আটকা পড়বে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...