যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায় ইরান, সতর্ক করলেন নেতানিয়াহু

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১০:৩৮ এএম
যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায় ইরান, সতর্ক করলেন নেতানিয়াহু

ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য উন্মুখ হয়ে আছে। সোমবার (২ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইরান প্রকাশ্যেই আমেরিকার বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণ করছে এবং তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নেতানিয়াহু জানান, নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি রক্ষা করতে ইরান বর্তমানে নতুন নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করছে। তার মতে, ইরানই একমাত্র রাষ্ট্র যারা প্রকাশ্যে আমেরিকাকে নির্মূল করার কথা বলে আসছে। এমন পরিস্থিতিতে এখনই কার্যকর ও দৃঢ় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তাদের থামানো আর সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই স্পষ্ট করে বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আলোচনা ও সতর্কবার্তা সত্ত্বেও ইরান তাদের অবস্থান থেকে সরে না আসায় আমেরিকা ও ইসরায়েল মিলে এই পদক্ষেপ নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের জোট বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তারা একসঙ্গে কাজ করছে যাতে ইরান ভবিষ্যতে কখনো পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...