কাতারের দাবি, ইরানের দুই যুদ্ধবিমান ও মিসাইল ধ্বংস; হরমুজে নতুন উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ৩:৩৮ এএম
কাতারের দাবি, ইরানের দুই যুদ্ধবিমান ও মিসাইল ধ্বংস; হরমুজে নতুন উত্তেজনা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কাতার কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গত সোমবার (২ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনী ইরানের দুটি এসইউ-২৪ ফাইটার জেট, সাতটি ব্যালিস্টিক মিসাইল এবং পাঁচটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব মিসাইল ও ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা গুঁড়িয়ে দেয়। বিবৃতিতে বলা হয়, হুমকি শনাক্ত হওয়ার সাথে সাথেই সামরিক পরিকল্পনা অনুযায়ী জবাব দেওয়া হয়েছে। দোহায় কর্মরত আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি মনে করেন, যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মানে দাঁড়ায় আকাশে দুই পক্ষের সরাসরি সংঘর্ষ হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি তেল ট্যাংকারে তারা ড্রোন হামলা চালিয়েছে। ‘এটিএইচআই নোভা’ নামক ট্যাংকারটি বর্তমানে আগুনে জ্বলছে বলে দাবি করা হয়েছে। ইরানের এই হামলাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে দাবি করা হয়েছে। বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহের পথ এই প্রণালী দিয়ে, ফলে এখানকার পরিস্থিতির অবনতি বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...