ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করার সেরা সুযোগ বলে দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য এটিই ছিল শেষ ও সবচেয়ে কার্যকর সময়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই পদক্ষেপ না নিলে ইরানকে থামানো সম্ভব হতো না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। শনিবারের যৌথ হামলার পর এটিই প্রথমবার ট্রাম্প প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করলেন।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও নৌ-অবকাঠামো ধ্বংস করা। তিনি বলেন, ইরাকের মতো এটি দীর্ঘস্থায়ী হবে না, তবে এক রাতেও শেষ হবে না কারণ ইরানের সামরিক সক্ষমতা অনেক বেশি। যুক্তরাষ্ট্র এখন ইরানের মাটিতে কোনো সেনা মোতায়েন করেনি, তবে প্রয়োজনে ভবিষ্যতে তা করা হতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে বলেছেন, মার্কিন নাগরিক হত্যার জন্য দায়ীদের খুঁজে বের করা হবে। একই সাথে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, এটি তাদের জন্য একটি অবিশ্বাস্য সুযোগ যা তাদের কাজে লাগানো উচিত।

