পেন্টাগন স্বীকার করল, ইরান হামলার পরিকল্পনা করেনি
মার্কিন প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) ঊর্ধ্বতন কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর কোনো পরিকল্পনা ইরানের ছিল না। গত রোববার (১ মার্চ) কংগ্রেসের স্টাফদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের পক্ষ থেকে এই স্বীকারোক্তি দেওয়া হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মূল যুক্তি হিসেবে ওই হামলার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
শনিবার চালানো এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং দেশটির একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরান মার্কিন বাহিনীর ওপর আগাম হামলা চালাতে পারে এমন তথ্যের ভিত্তিতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। তবে রোববারের ব্রিফিংয়ে পেন্টাগন কর্মকর্তাদের এই বক্তব্য ওই যুক্তির অবসান ঘটাল। হোয়াইট হাউসের মুখপাত্র ডিলান জনসন জানিয়েছেন, কংগ্রেসের নিরাপত্তা কমিটির সদস্যদের ৯০ মিনিটেরও বেশি সময় ধরে এই বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। তিনি ইরানের জনগণের প্রতি সরকারবিরোধী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো হামলার শিকার হওয়ার আগেই পাল্টা ব্যবস্থা নিতে চেয়েছিলেন এবং তিনি হামলা সহ্য করার মতো অবস্থানে ছিলেন না।

