ভিসা জটিলতা কাটছে, বাণিজ্য বাড়াতে ঢাকা-দিল্লির নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৬:৫৪ পিএম
ভিসা জটিলতা কাটছে, বাণিজ্য বাড়াতে ঢাকা-দিল্লির নতুন উদ্যোগ

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, আগামী দিনে ঢাকা ও দিল্লির মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এসময় বন্ধ হয়ে যাওয়া ভিসা সেন্টার ও স্থলবন্দরগুলো পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানান, বাণিজ্য সম্প্রসারণে তারা নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বর্তমানে বন্ধ থাকা বর্ডার হাট ও স্থলবন্দরগুলো দ্রুত চালু করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে গত দেড় বছর ধরে সাইবার নিরাপত্তাজনিত কারণে বাধাগ্রস্ত ভিসা প্রক্রিয়া চালু করতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ভারতীয় ভিসা ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা বন্ধে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ। অতীতের বিষাদ ভুলে সম্পর্ক নবায়নের ডাক দিয়েছেন তিনি। এছাড়া সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বৈঠকে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান হাইকমিশনার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...