ভারত-বাংলাদেশের মধ্যে শিগগিরই স্বাভাবিক হবে ভিসা সেবা

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম অচিরেই স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে মিলিত হয়ে তিনি এ কথা জানান। এর আগে রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারত নতুন সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে বন্ধ থাকা বর্ডার হাট ও বিভিন্ন স্থলবন্দর চালু করার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করা হবে। তবে এই বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
নিরাপত্তাজনিত কারণে গত দেড় বছর ধরে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছেন হাইকমিশনার। তিনি জানান, অনলাইনে ভিসার আবেদন নেওয়া হলেও ওয়েবসাইটটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছিল। এ বিষয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও সিটিটিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ওপর গুরুত্ব প্রদান করেছেন এবং দুই দেশের সম্পর্ক জনগণের ভিত্তিতে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন।

