দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশ ভিসা সেবা: হাইকমিশনার

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৫:০৩ পিএম
দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশ ভিসা সেবা: হাইকমিশনার

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সোমবার এক বৈঠকে মিলিত হন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এসময় তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে বিঘ্নিত ভিসা কার্যক্রম খুব দ্রুতই স্বাভাবিক হবে। এছাড়া দুই দেশের মধ্যে বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডার হাটগুলো পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার বাণিজ্য সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকেও ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন প্রণয় ভার্মা। তিনি জানান, গত দেড় বছর ধরে নিরাপত্তার কারণে ভিসা সেন্টারগুলো কম সক্ষমতায় চলছিল। বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করায় এখন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়ও তুলে ধরেন তিনি।

বৈঠকে সাইবার নিরাপত্তা ও সীমান্ত হত্যা নিয়েও কথা হয়। ভারতীয় ভিসার অনলাইন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টার বিষয়টি উত্থাপন করেন হাইকমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ভিত্তি রাজনৈতিক দল নয় বরং জনগণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সীমান্তে হত্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...