লেবাননে ব্যাপক হামলা, দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের

ইরানের আগ্রাসনের জেরে ইসরাইলে হামলা চালানোর প্রেক্ষাপটে দখলদার রাষ্ট্রটি লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। সোমবার (২ মার্চ) দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে সামরিক প্রধান ইয়াল জামির জানান, সংঘাত আরও অনেক দিন স্থায়ী হতে পারে এবং তারা আক্রমণাত্মক অভিযান অব্যাহত রাখবে।
হিজবুল্লাহর দাবি করা রকেট হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এরই মধ্যে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের প্রধান রাফি মিলাও সতর্ক করে দিয়েছেন যে, লেবাননে হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়ে ইরানি শাসনব্যবস্থাকে সমর্থন করেছে এবং বেসামরিক মানুষকে টার্গেট করেছে।
এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোশেফ আওন এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করা হচ্ছে, যা লেবাননকে আঞ্চলিক যুদ্ধ থেকে দূরে রাখতে তার সরকারের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। আওন অভিমত ব্যক্ত করেন, এই ধরনের সামরিক পদক্ষেপ লেবাননের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং এর ফলে দেশটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

