ইরানের হামলায় কুয়েতে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট নিরাপদ

মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় মার্কিন বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তাদের নিক্ষিপ্ত মিসাইলের আঘাতেই এই যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। সোমবার (২ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, জেটটি ক্ষতিগ্রস্ত হয়ে ধোঁয়া ও আগুন নিয়ে মাটির দিকে আছড়ে পড়ছিল। তবে বিমানটির মালিক যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল তা নিশ্চিত করা না গেলেও সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে ইজেক্ট সিটের মাধ্যমে বেরিয়ে আসতে সক্ষম হন।
এই ঘটনার পেছনের কারণ হিসেবে গত শনিবারের (২৮ ফেব্রুয়ারি) সামরিক অভিযানকে দায়ী করা হচ্ছে। ওই দিন ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এর জবাবে তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবরে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, খামেনির মৃত্যু দীর্ঘদিনের গোয়েন্দা পরিকল্পনার ফল।
গত ৭২ ঘণ্টায় এই সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। উভয় পক্ষের হামলার তীব্রতা বাড়তে থাকায় সমগ্র অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

