খামেনি হত্যায় জাতিসংঘে তীব্র প্রতিবাদ, ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করল তেহরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর হামলা বলেও বর্ণনা করেছেন।
চিঠিতে খামেনি হত্যাকাণ্ডকে একটি ভীরু ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। আরাগচি সতর্ক করে বলেছেন, এই ঘটনা একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বাক্স’ খোলার শামিল, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। তার মতে, দেশগুলোর মধ্যে সভ্য আচরণ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা রক্ষায় এই ধরনের ঘটনা নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করেছে।
এই নৃশংস হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারকে পূর্ণাঙ্গভাবে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদে বর্ণিত দায়িত্ব পালন করে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

