মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের
আরব সাগরে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, তারা চারটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই রণতরীকে আঘাত করেছে এবং এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, সামরিক সংঘাত এখন একটি নতুন ধাপে পৌঁছেছে এবং স্থল ও সমুদ্রে হামলা আরও জোরদার করা হবে।
তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত রোববার (১ মার্চ) ইরান পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যাপক হামলা চালায়। এসময় সৌদি আরবের রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা এবং মানামার পাশাপাশি জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইরানের জন্য একটি বৈধ অধিকার ও কর্তব্য হিসেবে গণ্য করা হবে।

