জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার

প্রাইম বার্তা অনলাইন
১৩ অক্টোবর ২০২৬ ৯:৫৭ পিএম
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি গত দুই দশকে বাংলাদেশের জনগণ যেসব অভিজ্ঞতা, দুর্দশা ও প্রতিকূলতা পেরিয়ে নতুন করে দাঁড়িয়েছে, তারই এক জীবন্ত প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি এ অভিমত ব্যক্ত করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাদুঘরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এ তথ্য নিশ্চিত করেন। পরিদর্শনকালে ইইউ কমিশনারের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সফরের শুরুতে জাদুঘর প্রাঙ্গণে স্বৈরাচারী শাসনামলে প্রাণ হারানোদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর কমিশনার ব্রুনার ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আনাসের চিঠি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। জাদুঘর ভবনের ভেতরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনামলের ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক পটভূমি তুলে ধরা প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি। এ সময় আওয়ামী লীগ আমলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দমন-নিপীড়নের অভিযোগ-সংশ্লিষ্ট ছবি ও সামগ্রী পর্যবেক্ষণ করেন ইউরোপীয় প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসকে প্রাণবন্তভাবে উপস্থাপনের জন্য জাদুঘর কর্তৃপক্ষের প্রশংসা করেন কমিশনার ব্রুনার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। জনগণের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে অবস্থান করবে এবং সমর্থন জোগাবে।

উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পর্যবেক্ষণে এসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলও এই জাদুঘর পরিদর্শন করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...