বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৬ ১:৪৭ এএম
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের জরিমানা

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বড় তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪৬ জেলায় একযোগে অভিযানে ১২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৬১টি টিম পাইকারি ও খুচরা পর্যায়ের দোকানে এসব অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় ঠেকানো। এ সময় পণ্যের বিক্রয়মূল্য, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানের বিষয়গুলো কঠোরভাবে যাচাই করা হয়।

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়। দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন ও নির্ভুল ওজন-পরিমাপ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়। ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দামে বিক্রির পাশাপাশি পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি না করতে এবং ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ, কেনাকাটার আগে মূল্যতালিকা মিলিয়ে নিন এবং সঠিক ওজন বুঝে নিন। প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে পণ্য কিনুন, পাশাপাশি রশিদ বা ভাউচার সংগ্রহ করুন। কেনাকাটায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...