মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেলের দামে আগুন, বাড়ছে মুদ্রাস্ফীতির শঙ্কা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট অস্থিরতা এখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের অনুমান, চলতি সপ্তাহের শেষের দিকে তেলের দাম ১০০ ডলারের কোঠায় পৌঁছে যেতে পারে। রাইস্ট্যাড এনার্জির মতে, সোমবার (২ মার্চ) বাজার খোলার সাথে সাথেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম অন্তত ২০ ডলার বাড়তে পারে। প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল পরিবহনকারী এই সরু জলপথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দিতে পারে।
এনার্জি অ্যান্ড রিফাইনিংয়ের পরিচালক অজয় পারমার বলেছেন, সামরিক হামলা সাধারণত তেলের দাম বাড়ায় কিন্তু এবার মূল দায়িত্ব হরমুজ প্রণালীর অচলাবস্থা। তিনি পূর্বাভাস দিয়েছেন যে সপ্তাহ শেষে দাম ১০০ ডলারের কাছাকাছি চলে যাবে এবং যদি এই রুট দীর্ঘদিন বন্ধ থাকে তবে তা আরও বেড়ে যেতে পারে। এই পরিস্থিতি সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।

