সর্বোচ্চ নেতার মৃত্যু: দুদিনেই নতুন নেতা পাচ্ছে ইরান

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৮:২৪ পিএম
সর্বোচ্চ নেতার মৃত্যু: দুদিনেই নতুন নেতা পাচ্ছে ইরান

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী আগামী এক থেকে দুই দিনের মধ্যেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। তবে ইরানকে রক্ষা করতে তাদের কোনো সীমাবদ্ধতা নেই বলেও সতর্ক করেন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ নিয়ে ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই তিন সদস্যের পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে। আরাকচি আশা প্রকাশ করেন যে, খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...