স্বৈরাচারীর পতনে স্বস্তি পাহলভির, দাবি অন্তর্বর্তী সরকার নেতৃত্বের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ‘উপশম’ বলে অভিহিত করেছেন দেশটির শাহি পরিবারের উত্তরাধিকারী ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এই যুবরাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ খামেনিকে ‘সময়ের রক্তপিপাসু স্বৈরশাসক’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এই মৃত্যুর মধ্য দিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হবে এবং এটি একটি মহান জাতীয় উৎসবের সূচনা হতে পারে।
রাজ পরিবারের উত্তরাধিকারী হলেও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই তিনি দেশের বাইরে আছেন। সে সময় যুক্তরাষ্ট্রে পাইলট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন রেজা। পরবর্তীতে তার বাবা মিশরে মৃত্যুবরণ করেন এবং পরিবারের অন্য সদস্যরা নানা দুর্ঘটনার শিকার হন। বর্তমানে ওয়াশিংটন ডিসির কাছে স্ত্রীকে নিয়ে সাধারণ জীবন যাপন করলেও ইরানের রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, রেজা পাহলভি হয়তো একটি ঐক্যবদ্ধ নেতা নন, তবে তিনি বিশ্বজুড়ে লাখ লাখ বিরোধী বিক্ষোভকারীকে উজ্জীবিত করতে সক্ষম।
বর্তমানে ৬৫ বছর বয়সী এই সাবেক যুবরাজ দেশে ফিরে ক্ষমতায় আসার ব্যাপারে আগ্রহী। ২০২৫ সালে ইসরায়েলি হামলার পর প্যারিসে তিনি ঘোষণা দিয়েছিলেন, বর্তমান সরকার ভেঙে পড়লে তিনি ১০০ দিনের জন্য অন্তর্বর্তী সরকার গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি মনে করেন, তার বাবার অসমাপ্ত মিশন সম্পন্ন করা এবং ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করাই এখন তার মূল লক্ষ্য।

