নেতানিয়াহুর স্বার্থে ইরান হামলা: ট্রাম্পের নীতি বদলের নেপথ্যে কী

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৩:৫৬ পিএম
নেতানিয়াহুর স্বার্থে ইরান হামলা: ট্রাম্পের নীতি বদলের নেপথ্যে কী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় জানিয়েছিলেন, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা পরিবর্তনে আর হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি ইরানে সর্বাত্মক হামলার নির্দেশ দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত তার নিজস্ব নির্বাচনি প্রতিশ্রুতির পরিপন্থী এবং এর পেছনে মূল কারণ ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ।

ওয়াশিংটনের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি’র সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি বলেছেন, ইসরায়েল গত দুই দশক ধরে ইরান আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ দাবি করা ট্রাম্পের এই যুদ্ধে জড়িয়ে পড়াকে তিনি বিদ্রূপাত্মক বলে অভিহিত করেছেন। এর আগে ২০০৩ সালে ইরাক আক্রমণের পেছনেও নেতানিয়াহুর সক্রিয় ভূমিকা ছিল বলে জানা যায়।

গত অক্টোবরে এক পডকাস্টে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে আছে—এমন কোনো কঠিন প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই। এমন পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা কৌশল থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...