খামেনিকে হত্যার পর ইসরাইলি মন্ত্রীর হুঙ্কার, বললেন ন্যায় প্রতিষ্ঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনাকে ‘ন্যায় প্রতিষ্ঠিত’ বলে অভিহিত করেছেন এবং এই অভিযানের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাটজ বলেছেন, যে ব্যক্তি ইসরাইলকে ধ্বংস করার স্বপ্ন দেখতেন, খামেনি সেই ব্যক্তি এবং তাকে নিশ্চিহ্ন করা হয়েছে। তিনি দাবি করেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ‘দুষ্ট শক্তির অক্ষ’ গুরুতর আঘাত পেয়েছে এবং ইসরাইল তাদের অভিযান সম্পূর্ণ শক্তি দিয়ে চালিয়ে যাবে। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ওয়াশিংটন ও তেল আবিবের বিমান হামলায় খামেনির মৃত্যু হয় বলে রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ নিশ্চিত করেছে।
এই হামলার জেরে ইরান তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্য এবং পার্শ্ববর্তী গালফ অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকে সমগ্র অঞ্চলে যুদ্ধবিগ্রহ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে।

