ফিলিস্তিন প্রীতি ইস্তাম্বুলে ৫ লাখ মানুষের জমায়েত, গাজায় গণহত্যার প্রতিবাদ

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ২:০৩ এএম
ফিলিস্তিন প্রীতি ইস্তাম্বুলে ৫ লাখ মানুষের জমায়েত, গাজায় গণহত্যার প্রতিবাদ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তুরস্কের ইস্তাম্বুলে পাঁচ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিশাল সমাবেশ করেছেন। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) গালাতা সেতুতে এই কর্মসূচি পালিত হয়। তুর্কি যুব ফাউন্ডেশন (টিউজিভিএ) এবং ন্যাশনাল উইল প্ল্যাটফর্মের ব্যানারে ৪০০টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘আমরা ভয় পাবো না, আমরা চুপ করে থাকবো না, আমরা ফিলিস্তিনকে ভুলবো না’ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা গাজায় হামলা বন্ধের জোরালো দাবি জানান।

হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে ফজরের নামাজের পর আয়াসোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতানাহমেত, ফাতিহ ও সুলেমানিয়ে মসজিদসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে গালাতা সেতুর দিকে রওনা হন। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই সমাবেশে তুরস্ক সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিউজিভিএ’র চেয়ারম্যান ইব্রাহিম বেসিনচি বলেন, এই বিশাল জনসমাগম ফিলিস্তিনে চলমান সহিংসতার বিরুদ্ধে জাতি হিসেবে তাদের নৈতিক অবস্থানের প্রমাণ। তিনি গালাতা সেতুকে ‘বিবেকের শ্রদ্ধাঞ্জলি’ বলে অভিহিত করে ফিলিস্তিনের নিরীহ মানুষদের প্রতি সংহতি জানান। এছাড়া, বিলাল এরদোগান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, গতবারের চেয়ে এবার বেশি মানুষের উপস্থিতি তাদের ঐক্যের প্রতীক।

সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমেও ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়। লেবানিজ-সুইডিশ গায়ক মাহের জেইন ‘ফ্রি প্যালেস্টাইন’ গান পরিবেশন করে দর্শকদের উত্তেজিত করেন। এছাড়াও তুর্কি শিল্পী এসাত কাবাকলি ও ব্যান্ড দল ইউরুয়ুস সংগীত পরিবেশন করেন। গত বছরও একই দিনে এই সেতুতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সাড়ে চার লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...