দিল্লিতে রিলস বানাতে গিয়ে স্কুলছাত্রের বেপরোয়া গাড়িতে প্রাণ গেল যুবকের

প্রাইম বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫১ পিএম
দিল্লিতে রিলস বানাতে গিয়ে স্কুলছাত্রের বেপরোয়া গাড়িতে প্রাণ গেল যুবকের

ভারতের রাজধানী দিল্লিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার নেশায় মেতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটালো এক কিশোর। গত ৩ ফেব্রুয়ারি দ্বারকা সাউথ এলাকায় লাল বাহাদুর শাস্ত্রী কলেজের সামনে মজার রিলস বা ভিডিও বানানোর সময় অসাবধানতাবশত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় স্করপিও গাড়িটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৩ বছর বয়সী বাইক আরোহী সাহিল ধনেশরার। এই দুর্ঘটনায় এক ট্যাক্সিচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ঘাতক গাড়িটি চালাচ্ছিল দশম শ্রেণির এক ছাত্র। অভিযুক্ত কিশোরের বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। দুর্ঘটনার পর তাকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হলেও পরবর্তীতে তাকে অবজারভেশন হোমে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে বোর্ড পরীক্ষা সামনে থাকায় আদালত অভিযুক্ত কিশোরকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে।

নিহত সাহিলের পরিবার এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ক্ষোভ প্রকাশ করেছে। সাহিলের মা ইন্না মাকান জানিয়েছেন, তার ছেলে যখন অফিসের উদ্দেশ্যে বের হয়েছিল, ঠিক তখনই রিলস বানানোর উৎসাহে ওই কিশোর তার বোনকে নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। তিনি অভিযোগ করেন, স্টান্ট করার উদ্দেশ্যে গাড়ির চালক রং সাইডে ঢুকে পড়ে এবং ধাক্কার পরেও ব্রেক করেনি। নিহতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...