ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ ইরান, চিঠি দিল পরমাণবিক সংস্থাকে

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১২:২২ এএম
ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ ইরান, চিঠি দিল পরমাণবিক সংস্থাকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেওয়া ব্যাপক হুমকির প্রতিবাদে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে কড়া চিঠি পাঠিয়েছে ইরান। সম্প্রতি ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের হুমকিকে স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করা হলে আইএইএ’র নিরপেক্ষতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে আলোচনার পাশাপাশি শক্তি প্রয়োগের বিকল্পও ওয়াশিংটনের টেবিলে রয়েছে। তিনি বলেন, ইরান যদি নতুন করে কিছু গড়ে তোলার চেষ্টা করে, তবে তা সম্পূর্ণ ধ্বংস করার বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো পথ খোলা থাকবে না। এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রভাবশালী রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক মহল ওয়াশিংটনের এই বক্তব্য প্রত্যাখ্যান করে দেশটির নিরাপত্তা রক্ষার অধিকারের ওপর জোর দেয়।

ইরানি মিশন বলছে, এই জাতীয় বেপরোয়া হুমকি উপেক্ষা করলে আইএইএ’র পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থার ওপর বিশ্ববাসীর আস্থা নড়বড়ে হয়ে পড়বে। তেহরান দাবি করেছে, এই ধরনের আগ্রাসী মনোভাবের নিন্দা জানাতে হবে এবং দায়ীদের এর জন্য জবাবদিহি করতে বাধ্য করতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো অন্যায্য চাপের কাছে মাথা নত করবে না বলেও জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...