ইমরান খানের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ, চতুর্থ দিনের মতো অবস্থানে বিরোধীরা
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবনতি হওয়া স্বাস্থ্যের কারণে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক জোটগুলো ক্ষোভে ফেটে পড়েছে। টানা চতুর্থ দিনের মতো সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তেহরিক তাহাফফুজ-ই-আইন পাকিস্তান (টিটিএপি)-এর নেতারা সংসদ ভবন ও সংশ্লিষ্ট লজের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ইমরান খানের চোখের গুরুতর জটিলতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার জমা দেওয়া মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে ভুগছেন, যা তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছে। এই অবস্থার সাথে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সংযোগ রয়েছে। এ অবস্থায় তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিরোধীরা।
এই কর্মসূচিতে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই, সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির মতো শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। অন্যদিকে, দেশটির গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পাঁচ জ্যেষ্ঠ চিকিৎসকের এক ঘণ্টাব্যাপী চিকিৎসায় তার ডান চোখের ব্যথার কিছুটা উন্নতি হয়েছে। তবে বিরোধীরা তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

