চীনের বড় সিদ্ধান্ত: যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশ
দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করতে যাচ্ছে চীন। বেইজিং সরকার নিশ্চিত করেছে যে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এই দুই দেশের নাগরিকরা আনুষ্ঠানিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসায়িক প্রয়োজন, পর্যটন, স্বজনদের সাথে সাক্ষাৎ, সৌজন্য বিনিময় অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য এই সুবিধা ভোগ করতে পারবেন। বেইজিংয়ে এই দুই দেশের নেতাদের সাথে চীনা কর্মকর্তাদের বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ১৬ জানুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে অনুষ্ঠিত বৈঠককে এই পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি গত কয়েক বছর ধরে চলা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি দূর করার একটি ইতিবাচক সংকেত। ২০১৮ সালে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা মেং ওয়ানঝো গ্রেফতার হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এরপর কানাডা সরকার হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক সরঞ্জামে নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমতাবস্থায় এই ভিসা ছাঁড় সম্পর্ক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করল বলে মনে করছেন কূটনৈতিক মহল।

