ইরানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক রেজা পাহলভির

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪০ পিএম
ইরানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক রেজা পাহলভির

ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি দেশটিকে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের নেতৃত্ব দিতে তার প্রস্তুতির কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিতের মধ্যেই গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ‘আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারি।’

মিউনিখে প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে সাবেক রাজতন্ত্রের প্রতীক সিংহ ও সূর্য খচিত পতাকা ওড়ানো হয় এবং ‘জাভিদ শাহ’ স্লোগান দেওয়া হয়। সমাবেশে উপস্থিত ৬২ বছর বয়সী সাইদ নামের এক ইরানি বলেন, দেশটির বর্তমান শাসনব্যবস্থাটি মৃত এবং এর অবসান ঘটা উচিত। রেজা পাহলভি দেশের ভেতরে ও বাইরের ইরানি নাগরিকদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত হাজার হাজার মানুষ ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাহলভি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি, ইরানের মানুষ আপনাকে বলতে শুনেছে যে, তাদের জন্য সাহায্য আসছে। আপনার ওপর তাদের আস্থা আছে। তাদের সাহায্য করুন।’ তিনি আরও মন্তব্য করেন যে এখন ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে। এদিকে, ইরানের সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক পথে আলোচনা অব্যাহত রেখেছে, যার পরবর্তী রাউন্ড আগামী সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...