রেকর্ড ৭ কোটি ডলারে এআই ডট কম বিক্রি, প্রযুক্তিতে নতুন ইতিহাস
ডিজিটাল জগতে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে, যেখানে ‘এআই ডট কম’ (ai.com) ডোমেইনটি বিক্রি হয়েছে বিপুল ৭০ মিলিয়ন মার্কিন ডলারে। মালয়েশিয়ান উদ্যোক্তা আরসিয়ান ইসমাইলের কাছ থেকে এই ডোমেইনটি কিনেছেন জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘ক্রিপ্টো ডট কম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস মারজালেক। এই লেনদেনের মাধ্যমে এটি এখন পর্যন্ত প্রযুক্তি ইতিহাসে সবচেয়ে দামী ডোমেইন হিসেবে স্বীকৃতি পেয়েছে। খবরে প্রকাশ, ব্রোকার ল্যারি ফিশারের মাধ্যমে সম্পন্ন এই চুক্তির পুরো অর্থই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
ডোমেইনটি কেনার পর ক্রিস মারজালেক জানিয়েছেন, তিনি ‘এআই ডট কম’ ব্র্যান্ডের অধীনে একটি ভোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা কনজিউমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছেন। ডোমেইনের এই মূল্য এবং গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও পরিচিতির জন্য শীর্ষস্থানীয় ডোমেইন থাকা অত্যন্ত জরুরি। তার মতে, এই ডিজিটাল সংযোগ বা টাচ-পয়েন্টটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা না থাকলে কোনো প্রতিষ্ঠান ডিজিটাল দুনিয়ায় গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। মারজালেক আরও উল্লেখ করেন যে, একজন ব্যক্তি হিসেবে ক্রিপ্টো এবং এআই—এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের ডোমেইনের মালিকানা অর্জন করা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
নতুন এই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হবে সাধারণ মানুষকে এআই প্রযুক্তির সুবিধা দেওয়া। জানা গেছে, এর ইন্টারফেস এমনভাবে তৈরি করা হবে যাতে কোনো প্রযুক্তিগত জ্ঞান নেই এমন ব্যবহারকারীরাও সহজে এটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এনক্রিপশন কী ব্যবহার করা হবে, যা ডেটা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

