রাজনীতি এখন সস্তা তামাশা: ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জেরে ওবামার তোপ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন। ট্রাম্প কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি একটি বর্ণবাদী ভিডিও শেয়ার করার প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওবামা মন্তব্য করেছেন, দেশটির রাজনীতি এখন মর্যাদার লড়াই থেকে একটি ‘ক্লাউন শো’ বা সস্তা তামাশায় পরিণত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অতিরিক্ত সময়ের জন্য বারাক ও মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয় এবং ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন ভিডিওটি সরিয়ে নিলেও ক্ষমা চায়নি। এ প্রসঙ্গে রোববার (১৫ ফেব্রুয়ারি) এক পডকাস্টে ওবামা বলেন, পদের মর্যাদা রক্ষার যে ঐতিহ্য ছিল তা এখন লুপ্ত হচ্ছে এবং রাজনৈতিক আলোচনায় এক অশালীনতা বিরাজ করছে।
ওবামা এই সাক্ষাৎকারে একইসঙ্গে মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটির মৃত্যুর ঘটনাকে তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এ ঘটনার প্রেক্ষাপটে গত ১৪ ফেব্রুয়ারি থেকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আংশিক অচলাবস্থা বিরাজ করছে, কারণ ডেমোক্র্যাটরা জানিয়েছে, আইসিই কর্মকর্তাদের আচরণের পরিবর্তন না আসা পর্যন্ত তারা কোনো তহবিল অনুমোদন করবেন না।

