মৃত্যুর পরও ঘণ্টার পর ঘণ্টা সচেতন থাকেন মানুষ, দাবি গবেষণার
মৃত্যুকে আমরা সাধারণত জীবনের চিরন্তন সমাপ্তি হিসেবে ধরে নিই, তবে বিজ্ঞানীদের এক নতুন গবেষণা জানাচ্ছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের ফিনিক্সে অনুষ্ঠিত অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের (AAAS) বার্ষিক সম্মেলনে উপস্থাপিত এই গবেষণায় দাবি করা হয়েছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও মানুষের চেতনা কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অর্থাৎ মস্তিষ্কের সব কার্যক্রম বন্ধ হওয়ার পরও মানুষ তার আশেপাশের ঘটনা সম্পর্কে সচেতন থাকতে পারেন।
গবেষক অ্যানা ফৌলার তার গবেষণার জন্য ২০টিরও বেশি ‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স’ বা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের ঘটনা খুঁটিয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রাণীর ওপর পরিচালিত পরীক্ষালব্ধ তথ্যও বিশ্লেষণ করেন তিনি। তার দাবি, মৃত্যু কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, এটি একটি ক্রমিক প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে দেখা গেছে, হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে গেলেও রোগীরা পরে ওই সময়ের ঘটনাবলি স্মরণ করতে পেরেছেন। এ থেকে অনুমান করা হচ্ছে, মৃত্যু আসলে জীবনের সমাপ্তি নয়, বরং এটি এক নতুন রূপান্তরের শুরু।
তবে এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানের জন্য নৈতিক জটিলতার সৃষ্টি করেছে। গবেষকরা মনে করছেন, এই তথ্যের ভিত্তিতে অঙ্গদান প্রক্রিয়ার নীতিমালা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বর্তমান প্রথানুযায়ী হৃদস্পন্দন বন্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অঙ্গ সংগ্রহ করা হয়, যাতে অঙ্গটি সতেজ থাকে। কিন্তু যদি ওই সময়েও ব্যক্তিটি আংশিক সচেতন থাকেন, তবে অঙ্গ কেটে নেওয়া গুরুতর নৈতিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে।

