দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত টিউলিপকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চায় সরকার
জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করতে যাচ্ছে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক রহমানের একজন শীর্ষ সহযোগী সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষ করে তাকে ফেরত আনার বিষয়টি অগ্রাধিকার পাবে।
হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকায় একটি জমি অধিগ্রহণ চুক্তি সংক্রান্ত দুর্নীতির মামলায় গত জানুয়ারিতে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুনানিতে অনুপস্থিত থাকায় তাকে এই সাজা দেওয়া হলেও তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই মামলায় তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২৪ সালে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও টিউলিপ লন্ডনেই রয়ে যান।
সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি বলেন, এঁরা এখন দণ্ডপ্রাপ্ত অপরাধী এবং বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে এগিয়ে চলছে। তবে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় এবং ব্রিটিশ সরকার এই রায়কে স্বীকৃতি না দেওয়ায় তাকে দেশে ফেরত আনা বাস্তবে বেশ কঠিন হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

