ফিলিস্তিন আন্দোলনে নতুন কৌশল: রক্ষণশীলদের ভাষায় লড়াইয়ের ডাক
ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের চলা রাজনৈতিক আন্দোলনের ধরন বদলানোর জোরালো দাবি তুলেছেন ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও নাট্যকার আহমেদ নাজার। তিনি বলেছেন, সাধারণ মানবাধিকার বা প্রগতিশীল ভাষায় আন্দোলন আর যথেষ্ট নয়, বরং পশ্চিমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের যুক্তি দিয়ে তাদের বোঝাতে হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজার জানান, যখন পশ্চিমারা সামরিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তখন শুধু নৈতিক আবেদন দিয়ে তাদের নীতি পরিবর্তন করা সম্ভব নয়।
গাজা যুদ্ধের পর বিশ্বজুড়ে ফিলিস্তিন ইস্যুটি ব্যাপক গুরুত্ব পেলেও তা রাজনৈতিকভাবে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে ‘নিরাপত্তা’র অজুহাতে ফিলিস্তিনপন্থি আওয়াজ ও বিক্ষোভ দমন করা হচ্ছে। নাজারের মতে, বর্তমান পরিস্থিতিতে ঔপনিবেশিকতা বিরোধী স্লোগান নয়, বরং জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক আইনের ভাষায় কথা বলা জরুরি। তিনি বলেন, দখলদারিত্ব ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য হুমকি—এমন কৌশলগত যুক্তি উপস্থাপন করলে রক্ষণশীল নীতিনির্ধারকদের কাছে বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে।
আহমেদ নাজার দক্ষিণ আফ্রিকার এএনসি এবং আয়ারল্যান্ডের রিপাবলিকানদের আদর্শের কথা উল্লেখ করে বলেন, সফল রাজনৈতিক পরিবর্তনের জন্য শত্রুপক্ষের সঙ্গেও সংলাপে বসতে হবে। কেবল নিজেদের ঘরে সরব হলে আন্দোলনকে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে হবে। তাই ফিলিস্তিনি অধিকার প্রতিষ্ঠায় বামপন্থি বা মানবাধিকার ভাষার বাইরে এসে এমন সব জায়গায় কথা বলতে হবে, যেখানে এই আন্দোলন এখন বাধার মুখে পড়েছে।

