নিরাপত্তা ঝুঁকিতে ইসরাইল ছেড়েছেন ৭০ হাজারের বেশি নাগরিক

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ১১:০০ পিএম
নিরাপত্তা ঝুঁকিতে ইসরাইল ছেড়েছেন ৭০ হাজারের বেশি নাগরিক

হামাসের সাথে চলমান যুদ্ধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত ২০২৫ সালে ইসরাইল দেশত্যাগ করেছেন প্রায় ৬৯ হাজার মানুষ। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) তথ্য মতে, এই ব্যাপক দেশত্যাগের ফলে জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে সামগ্রিকভাবে ইসরাইলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজারে, যার প্রবৃদ্ধি হার মাত্র ১ দশমিক ১ শতাংশ।

নতুন অভিবাসীদের প্রবাহও শুকিয়ে গেছে। গত বছর প্রায় ২৪ হাজার ৬০০ জন নতুন অভিবাসী ইসরাইলে এসেছেন, যা ২০২৪ সালের তুলনায় আট হাজার কম। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে আগত মানুষের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এমনটি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এর পরবর্তী গাজা যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া সরকারের বিচার বিভাগীয় সংস্কার নিয়ে জনমনে হতাশাও এই প্রবণতার অন্যতম কারণ। এই সময়ের মধ্যে দীর্ঘদিন পর প্রায় ১৯ হাজার ইসরাইলি দেশে ফিরে এসেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সাড়ে পাঁচ হাজার মানুষ ইসরাইলে প্রবেশ করেছেন।

২০২৪ সালে ৮২ হাজার ৭০০ জন ইসরাইলি দেশ ছেড়েছিলেন, যা ওই বছরে আগত মানুষের চেয়ে প্রায় ৫০ হাজার বেশি। জনসংখ্যাতাত্ত্বিকদের মতে, ইসরাইল রাষ্ট্র গঠনের পর থেকে বেশিরভাগ সময়ই দেশে আসা মানুষের সংখ্যা চলে যাওয়া মানুষের চেয়ে বেশি ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে চিত্রটি পাল্টে গেছে। বর্তমান জনসংখ্যার ৭৬ দশমিক ৩ শতাংশ ইহুদি ও অন্যান্য সম্প্রদায়, ২১ দশমিক ১ শতাংশ আরব এবং বাকি ২ দশমিক ৬ শতাংশ বিদেশি হিসেবে বসবাস করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...