গাজা নিয়ে ‘রাজনীতির ঊর্ধ্বে’ মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতীর
বিশ্ববিখ্যাত ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বার্লিনালে) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলার বিষয়ে উৎসবের জুরি বোর্ডের সদস্যদের ‘বিবেকহীন’ মন্তব্যের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারম্যান উইম ওয়েন্ডার্স ও অন্যান্য সদস্যদের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এই লেখক।
উইম ওয়েন্ডার্স সেখানে বলেছিলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির মাঠে নামা উচিত নয় এবং শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয়। এর প্রতিক্রিয়ায় অরুন্ধতী রায় বলেছেন, চোখের সামনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে এমন সময় শিল্পী বা লেখক হিসেবে নীরব থাকা যায় না। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, গাজায় যা ঘটছে তা পরিষ্কার গণহত্যা এবং যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো রাষ্ট্রগুলো এই অপরাধে অর্থায়ন ও সমর্থনের মাধ্যমে সহযোগিতা করছে। তার মতে, এই হত্যাযজ্ঞ বন্ধ করতে শিল্পী ও সৃজনশীল মানুষদের তাদের সাধ্যমতো সবকিছু করা উচিত।
অরুন্ধতী রায়ের ১৯৮৯ সালের সিনেমা ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ এবারের আসরের ‘ক্লাসিকস’ বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। তবে জুরি সদস্যদের এই অবস্থানের কারণে তিনি চলমান ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসব থেকে নিজেকে সরিয়ে নিলেন। এর আগে জার্মানির অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বাধা দেওয়ার অভিযোগে ২০২৪ সালে পাঁচ শতাধিক আন্তর্জাতিক শিল্পী ও লেখক সরব হয়েছিলেন।

