ওমানে প্রবাসীদের যোগ্যতা যাচাই বাধ্যতামূলক, না হলে ভিসা নয়

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ১০:০৯ পিএম
ওমানে প্রবাসীদের যোগ্যতা যাচাই বাধ্যতামূলক, না হলে ভিসা নয়

ওমানে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এমন প্রবাসীদের জন্য নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এখন থেকে ওমানে প্রবেশের আগেই বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে এই যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রবাসীকে প্রবেশ অনুমতিপত্র বা ভিসা ইস্যু করা হবে না।

শ্রমবাজারের গুণগত মান নিশ্চিত এবং ভুয়া সনদ প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানান, প্রকৌশল, লজিস্টিকস এবং হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশার আওতাভুক্ত কর্মীদের যোগ্যতা দেশে ঢোকার পূর্বেই যাচাই করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট স্কিলস ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদের মূল্যায়ন করা হবে। সফল হলে তাদের ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ প্রদান করা হবে।

সাম্প্রতিক সময়ে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ এখন কড়া অবস্থানে রয়েছে। কর্মী এবং নিয়োগকারী উভয় পক্ষকেই অবশ্যই অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং তার সত্যতা যাচাই করতে হবে। নিয়ম ভঙ্গ করলে কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা ছাড়াও জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি জালিয়াতিতে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...