মহাসড়কে মোদীর বিমান: আসামের জাতীয় সড়কে বায়ুসেনার চমকপ্রদ অবতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৭ পিএম
মহাসড়কে মোদীর বিমান: আসামের জাতীয় সড়কে বায়ুসেনার চমকপ্রদ অবতরণ

ভারতের প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় সংযোজিত হলো। জরুরি অবতরণের সক্ষমতা যাচাই করতে আসামের একটি জাতীয় সড়কে ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি বিশেষ বিমান সফলভাবে অবতরণ করেছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী সি-১৩০জে মডেলের পরিবহন বিমানটি নিরাপদে নামানো হয়। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতি নয়, বরং ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি’ বা ইএলএফ-এর কার্যকারিতা পরীক্ষা করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

জানা গেছে, প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত মোরান বাইপাসের ৪.২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন বা প্রাকৃতিক দুর্যোগে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হবে। সামরিক ও বেসামরিক উভয় ব্যবহারের উপযোগী এই রানওয়েতে ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন ওজনের ভারী পরিবহন বিমান অবতরণ করতে সক্ষম। উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে রাজস্থানের বার্মেরের পর এটিই ভারতের দ্বিতীয় ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি।

বিমান অবতরণের পর প্রধানমন্ত্রী মোদী প্রায় ৪০ মিনিট ধরে এক বর্ণাঢ্য এয়ার শো উপভোগ করেন। এতে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক তেজস, সুখোই এবং রাফালে যুদ্ধবিমানগুলো দক্ষতার সাথে কৌশল প্রদর্শন করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী জানিয়েছিলেন, দুর্যোগের সময় এই সুবিধা দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনায় মূল ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...