মুম্বাইয়ে মেট্রো নির্মাণকাজে ব্যর্থতা, চলন্ত গাড়িতে পড়ল কংক্রিট
ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো প্রকল্পের একটি বড় অংশ ধসে পড়ে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মেট্রো লাইন-৪ এর একটি ভায়াডাক্টের কংক্রিটের অংশ ছিটকে পড়ে সড়কে চলন্ত একটি অটোরিকশা ও একটি গাড়িকে গুড়িয়ে দেয়।
মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৬ ফুট বাই ৪ ফুট মাপের প্যারাপেট সেগমেন্টটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রামধন যাদব নামের একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে ৪৫ বছর বয়সী রাজকুমার ইন্দ্রজিৎ যাদবকে। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার পর দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধারকাজ চালায়, যার ফলে ওই রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
এই দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে নির্মাণের মান ও সুরক্ষা ব্যবস্থা। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, ওই কংক্রিটের অংশটি মাত্র একদিন আগে স্থাপন করা হয়েছিল, যা সঠিকভাবে ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল না। এটি স্পষ্ট অবহেলার পরিচয় বলে তিনি মন্তব্য করেছেন। এলাকার বিধায়ক মিহির কোটেচা দুর্ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে সরকারের বিরুদ্ধে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

