নেপালে নির্বাচনের আগেই রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে উত্তাল কাঠমান্ডু
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফের রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসমাগম ঘটেছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে এবং বিলুপ্ত রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে হাজার হাজার মানুষ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হন। পূর্বাঞ্চল সফর শেষে রাজধানীতে ফেরা সাবেক এই রাজাকে দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড় মোতায়েন করা দাঙ্গা পুলিশের বাধা উপেক্ষা করেই স্লোগান দিতে থাকেন।
সমাবেশ থেকে ‘রাজা ফিরে আসুন’ এবং ‘সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনো’ স্লোগান দিতে দেখা যায়। গাড়ির সানরুফ দিয়ে বাইরে হাত বাড়িয়ে জনতাকে সালাম জানান সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ। বিমানবন্দর থেকে তার ব্যক্তিগত বাসভবন পর্যন্ত সড়ক সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। গত বছর অনুরূপ একটি কর্মসূচিতে সংঘর্ষে দুইজনের মৃত্যু হলেও এবারের এই সমাবেশটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং এতে কাউকে গ্রেফতারও করা হয়নি। ২০০৮ সালে সরকারিভাবে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর এমন বিশাল জনসমর্থন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
আগামী মার্চ মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আগে এই বিশাল জনসমাগম রাজতন্ত্রপন্থী দলগুলোর শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। গত নির্বাচনে এই দলগুলো প্রায় ৫ শতাংশ আসন লাভ করলেও সাম্প্রতিক এই জনসমর্থন তাদের আসন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে। যদিও প্রধান রাজনৈতিক দলগুলো রাজতন্ত্র পুনরুদ্ধারের বিরোধী, তবুও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাবেক রাজার প্রতি সাধারণ মানুষের এই ক্রমবর্ধমান সমর্থন নেপালের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে।

