যুক্তরাজ্যে রেস্তোরাঁয় অভিযান, অবৈধ অবস্থায় ৫ বাংলাদেশি গ্রেফতার
যুক্তরাজ্যের হেরেফোর্ডশায়ারে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট। এতে দুইটি রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ১১ ডিসেম্বর হেরেফোর্ডের সেন্ট ওউন স্ট্রিটে অবস্থিত ‘জলসাগর’ এবং ‘টেস্ট অব রাজ’ নামের রেস্তোরাঁ দুইটিতে এই অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্তারিত জানা গেছে, ‘জলসাগর’ থেকে অভিবাসন আইনে অপরাধে জড়িত থাকার সন্দেহে এক বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। এর পাশের ‘টেস্ট অব রাজ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুইজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। বাকি দুইজনকে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একই কারণে এই দুই রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সর্বশেষ ঘটনায় সিভিল পেনাল্টি কমপ্লায়েন্স টিমের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অনিয়মিত অভিবাসীদের কাজ দেওয়া স্থানীয় মজুরি কমিয়ে দেয় এবং সৎ নিয়োগদাতাদের ক্ষতি করে। তিনি বলেন, লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান বেড়েছে এবং অবৈধভাবে কাজ করার দায়ে গ্রেফতারের হার ৬৩ শতাংশ বেড়েছে। এরই মধ্যে ২০২৫ সালের শুরু থেকে প্রায় ৪০ হাজার ৬৫২ জন অভিবাসী ছোট নৌকায় করে ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন। উত্তরোত্তর বাড়তে থাকা অভিবাসী চাপ এবং আগামী নির্বাচনের আগে রিফর্ম ইউকে পার্টির জনসমর্থন বৃদ্ধির কারণে শাবানা মাহমুদের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
আগামী বছর অভিবাসন বিরোধী পদক্ষেপ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায়, ডেপোর্টেশন বা ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা না করায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) জন্য ভিসা নীতি কঠোর করেছে যুক্তরাজ্য। শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দ্রুত সহযোগিতা না পেলে ওই দেশের নাগরিকদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে।

