সীমান্ত প্রতিরক্ষা জোরদার: রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের (ডিএসসি) এক বৈঠকে এই প্রস্তাবের ‘প্রয়োজনীয়তার অনুমোদন’ বা এওএন (AON) মঞ্জুর করা হয়। এই বিশাল চুক্তির মাধ্যমে ভারতীয় বাহিনীর জন্য ১২০টি স্বল্প-পাল্লার এবং ১৬৮টি দীর্ঘ-পাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র অর্জনের পথ সুগম হলো, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি।
সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ব্যবহৃত গোলাবারুদের মজুদ পুনরুদ্ধার এবং সীমান্ত এলাকায় যেকোনো আকস্মিক আক্রমণ মোকাবেলায় এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে সশস্ত্র ড্রোন ও কামিকাজে ড্রোন প্রতিরোধে রুশ এই প্রযুক্তির জুড়ি মেলা ভার। ভারতীয় বিমানবাহিনী এমন একটি দ্বি-স্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শত্রুপক্ষের যেকোনো লক্ষ্যবস্তু আকাশ থেকেই ধ্বংস করতে সক্ষম। এছাড়াও বাহিনীর আরও পাঁচটি অতিরিক্ত এস-৪০০ সিস্টেম এবং প্যান্টসির স্বল্প-পাল্লার ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এওএন অনুমোদনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হলেও চূড়ান্ত চুক্তির জন্য আরও কিছু ধাপ পার করতে হবে। বর্তমানে মূল্য আলোচনা ও আর্থিক অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-এর সবুজ সংকেত মিললেই ক্রয়প্রক্রিয়া চূড়ান্ত হবে। একইসাথে ডিএসসি প্রায় ৩.৬০ লাখ কোটি রুপির অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পেও অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট এবং রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত বিষয়াদি।

