সীমান্ত প্রতিরক্ষায় রাশিয়ার হাতিয়ার, ভারত কিনছে ২৮৮টি এস-৪০০
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন পেয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের (ডিএসসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিশাল ক্ষেপণাস্ত্র কেনার জন্য প্রায় ১০ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, ‘প্রয়োজনীয়তার অনুমোদন’ বা এওএন মিলে এখন থেকেই ক্রয়প্রক্রিয়া শুরু করতে পারবে নতুন দিল্লি। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার এবং ১৬৮টি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো দিয়ে পূর্বে ব্যবহৃত মজুদ পুনরায় ভরাট করার পাশাপাশি সীমান্ত এলাকায় দুই-স্তরবিশিষ্ট বাতিয়ানা তৈরি করা হবে। এই রুশ প্রযুক্তি সশস্ত্র ড্রোন ও কামিকাজে ড্রোন প্রতিরোধে অত্যন্ত কার্যকর বলে মনে করছে ভারতীয় বিমানবাহিনী। প্যান্টসির সিস্টেমের সাথে এস-৪০০ যুক্ত হলে শত্রুপক্ষের যেকোনো আকাশসীমা লঙ্ঘনকারী লক্ষ্যবস্তু ধ্বংস করা সহজ হবে।
এদিকে, সাম্প্রতিক এক বৈঠকে প্রায় সাড়ে তিন লাখ কোটি রুপির বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিমানবাহিনীর জন্য মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট (এমআরএএফএ), রাফালে জেট এবং এয়ারশিপভিত্তিক স্যাটেলাইট সিস্টেম অন্যতম। নিয়মানুযায়ী, এওএন পাওয়ার পর বিক্রেতার সাথে মূল্য আলোচনা ও চুক্তি স্বাক্ষর হবে। এরপর আর্থিক অনুমোদনের জন্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-এর কাছে পাঠানো হবে।

