এপস্টেইন ইমেইল ফাঁস: ডিপি ওয়ার্ল্ডের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৩ এএম
এপস্টেইন ইমেইল ফাঁস: ডিপি ওয়ার্ল্ডের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

দুবাইয়ের মালিকানাধীন বহুজাতিক বন্দর ও লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ বিন সুলাইয়েম পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে তার দীর্ঘদিনের গোপন যোগাযোগের তথ্য ফাঁস হওয়ার পর তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। শুক্রবার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এসা কাজিমকে নতুন চেয়ারম্যান এবং যুবরাজ নারায়ণকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে, একই সাথে তাদের ওয়েবসাইট থেকে সুলাইয়েমের ছবি ও নাম সরিয়ে ফেলা হয়েছে।

সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না ও থমাস ম্যাসি এপস্টেইনের সাথে সম্পৃক্ত ছয় প্রভাবশালী ব্যক্তির তালিকায় সুলাইয়েমের নাম প্রকাশ করেন। ফাঁস হওয়া ইমেইলগুলোতে দেখা যায়, ২০০৭ সাল থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ২০১৩ সালে এপস্টেইন সুলাইয়েমকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে ব্যবসায়িক ধারণা, ভ্রমণ পরিকল্পনা এবং দুবাই থেকে একটি ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া ২০০৯ সালের একটি ইমেইলে ‘টর্চার ভিডিও’ প্রেরণের বিষয়টিও উঠে আসে, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

এই কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন সংস্থা এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিল নতুন কোনো বিনিয়োগের কাজ স্থগিত রাখার ঘোষণা দেয়। প্রিন্স অব ওয়েলসের আর্থশট প্রকল্পেও এর প্রভাব পড়ে। উল্লেখ্য, বিতর্কিত এই মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টেইন ২০১৯ সালে বিচারাধীন অবস্থায় কারাগারে আত্মহত্যা করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...