ঐক্য ও উন্নয়নে তারেক রহমানের রোডম্যাপ, চ্যালেঞ্জ মোকাবিলায় কী পরিকল্পনা?

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৩ পিএম
ঐক্য ও উন্নয়নে তারেক রহমানের রোডম্যাপ, চ্যালেঞ্জ মোকাবিলায় কী পরিকল্পনা?

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেই ক্ষমতার শীর্ষে আরোহণ করতে চলেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি এখন পর্যন্ত ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে দেশে ফেরার মাত্র সাত সপ্তাহের মাথায় তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক আবহ তৈরি হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’-এর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান দেশ গঠনের রূপরেখা তুলে ধরেছিলেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশকে পুনর্গঠন এবং সামাজিক বিভাজন দূর করার কৌশল নিয়ে ওই সাক্ষাৎকারে কথা বলেন তিনি।

সংস্কার কর্মসূচির অগ্রাধিকার নিয়ে তারেক রহমান বলেছেন, সবার আগে প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা। এরপর আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্ট করে জানান, দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো রাজনৈতিক কর্মসূচিই সফল হবে না। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ জন নিহত এবং গত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার হওয়া সাড়ে তিন হাজার মানুষের পরিবারের ক্ষত নিরাময় করা এবং প্রতিষ্ঠানগুলোতে জনবিশ্বাস ফেরানো তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

স্বদেশে ফিরে তারেক রহমান প্রতিশোধ নয় বরং ঐক্যের বার্তা দিয়েছেন। এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে এবং দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তাকে নিরলসভাবে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে তার নেতৃত্ব দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলে তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...