ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরি মোতায়েন

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০২ পিএম
ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরি মোতায়েন

ইরানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন ও পরমাণু ইস্যুতে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরব সাগরে ইতিমধ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরানকে নতুন চুক্তিতে আনতে এই সামরিক মহড়া বা প্রদর্শনকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন।

গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ওই আলোচনায় নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর ওপর সমর্থন প্রত্যাহারের ওপর জোর দেন। এদিকে, ২০২৫ সালের জুন থেকে সমুদ্রে অবস্থানরত ফোর্ডের ক্রুরা প্রায় আট মাস ধরে দায়িত্ব পালন করছেন। এই নতুন নির্দেশনা তাদের মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়ে দিতে পারে, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

পরমাণু আলোচনা নিয়ে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, আগামী এক মাসের মধ্যে চুক্তিতে পৌঁছাতে না পারলে তার পরিণতি হবে ‘খুবই যন্ত্রণাদায়ক’। তবে অভ্যন্তরীণ সংকটেও জর্জরিত ইরান। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী ৪০ দিনের শোক পালন চলছে। এই পরিস্থিতিতে গাজা যুদ্ধের ধাক্কা কাটতে না কাটতেই লোহিত সাগর ও তৎসংলগ্ন অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা করছে ওই অঞ্চলের আরব দেশগুলো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...